পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ১৭টি ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে কপিলমুনি ইউনিয়নের তালতলা সড়কের ঘাটকান্দা এলাকায় শামীম মোড়লের মুদি দোকানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা সামাদ মোড়লের ছেলে ও দোকানি মোহাম্মদ শামীম মোড়ল (২৬), কাশিমনগরের মো. রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন রাশিফ (২২) এবং মো. নাসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদ খান (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম মোড়লের মুদি দোকানে গভীর রাত পর্যন্ত লোকজনের আনাগোনা ছিল। দোকানটির আড়ালে ইয়াবা বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ১৭টি ইয়াবা উদ্ধার করা হয়।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনার খবর পেয়ে রাত দেড়টার দিকে অভিযান চালানো হয়। এ সময় ১৭টি ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


0 Comments