শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় নকল পণ্যের কারখানায় অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে নকল লেবেল ব্যবহার করে নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ দল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান। প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্যানিটারি ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল। অভিযানে আনসার সদস্যরাও সহযোগিতা করেন।


অভিযানকারী দল প্রথমে কপিলমুনি কলেজ মোড় এলাকার তপন মণ্ডলের মালিকানাধীন দ্বীপ এন্টারপ্রাইজে যায়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির ভেতর থেকে তালাবদ্ধ ছিল। পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ করে বিভিন্ন পণ্য ও প্যাকেট পরীক্ষা করা হয়।


অভিযানকারীরা জানান, সেখানে দেশের বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের নাম ও লেবেল ব্যবহার করে পণ্য প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব পণ্য উৎপাদন ও বাজারজাতের ক্ষেত্রে যথাযথ অনুমোদন ও মান নিয়েও প্রশ্ন রয়েছে বলে তাঁরা জানান।


এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নকল লেবেল ব্যবহার, নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাত না করার জন্য প্রতিষ্ঠানটির মালিককে সতর্ক করা হয়।


এরপর অভিযানকারী দল কপিলমুনির স্থানীয় ব্যবসায়ী উত্তম কুমার সাহার মালিকানাধীন কর্ণফুলি টি হাউজে অভিযান চালায়।


সেখানে বিভিন্ন পণ্যের প্যাকেটে নকল লেবেল ব্যবহারের অভিযোগের পাশাপাশি অতিরিক্ত ঘন চিনির উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে অভিযানকারী দল জানায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানকারী কর্মকর্তারা বলেন, খাদ্যপণ্যে ভেজাল, নকল লেবেল ব্যবহার কিংবা নিম্নমানের পণ্য বাজারজাত করার সুযোগ নেই। ভোক্তাদের সঙ্গে প্রতারণা ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, কপিলমুনির দ্বীপ এন্টারপ্রাইজে দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্যের নকল লেবেল ব্যবহার করে পণ্য বাজারজাত করা হচ্ছিল। তাঁদের দাবি, যশোরের কেশবপুরের একটি চায়ের ব্র্যান্ডের আড়ালে অন্য প্রতিষ্ঠানের পরিচিত পণ্যের লেবেল ব্যবহার করে নিম্নমানের পণ্য বাজারজাত করা হতো। দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ব্যবসাটি বিস্তৃত হয়েছে। অভিযানের পর তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে বাজারে নজরদারি অব্যাহত থাকবে। অভিযানে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments