শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় স্বাবলম্বী হওয়ার সুযোগ পেলেন অসহায় ২৫ নারী

পাইকগাছা প্রতিনিধি: - ঘরে বসে কাজের মাধ্যমে আয় করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেলেন খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের ২৫ অসহায় ও পিছিয়ে পড়া নারী। তাঁদের হাতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৫টি সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে লতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। নির্বাচিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।


এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতা ইউনিয়ন পরিষদের সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল।


অনুষ্ঠানে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, নারীদের স্বাবলম্বী করতে তাঁদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া একটি কার্যকর উদ্যোগ। সেলাই মেশিন ব্যবহার করে নারীরা ঘরে বসেই কাজ করতে পারবেন এবং নিজেদের পরিবারের আর্থিক চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারবেন। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ আরও সহজ করবে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া নারীদের শুধু সহায়তা নয়, তাঁদের আয় করার সুযোগ তৈরি করে দেওয়াই দীর্ঘমেয়াদে বেশি গুরুত্বপূর্ণ। একটি সেলাই মেশিন একজন নারীর জন্য স্থায়ীভাবে আয় করার মাধ্যম হয়ে উঠতে পারে। এর মাধ্যমে পরিবারের ওপর আর্থিক চাপ কমার পাশাপাশি নারীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থানও শক্তিশালী হবে।


সেলাই মেশিন পাওয়া নারীরা জানান, তাঁদের অনেকেরই আগে নিজস্ব কোনো আয়ের ব্যবস্থা ছিল না। এখন ঘরে বসে সেলাইয়ের কাজ করে আয় করার সুযোগ তৈরি হয়েছে। এই মেশিন তাঁদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে জানান তাঁরা।


অনুষ্ঠানে ইউপি সদস্য রিনা পারভীন, বিনতা বিশ্বাস, বিজন হালদার, পুলকেশ রায়, কুমারেশ মন্ডল ও শওকত হালদারসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments