আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টায় আশাশুনি উপজেলার কাদাকাটি হোলদিপোতা সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ১, ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৭৫০ জন মানুষকে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।
কাদাকাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হান্নান সরদারের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য মো. আব্দুল হান্নান সরদার বলেন, “আমার ইউনিয়নের অসহায়, নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। বিভিন্ন যোগাযোগের মাধ্যমে মানবিক সহায়তামূলক সংগঠন ‘প্রাণের আলো ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এসব পণ্য আনা হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণত সংগঠনটি গ্রামগঞ্জে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে না। তবে তাঁর অনুরোধ ও অক্লান্ত প্রচেষ্টায় কাদাকাটি ইউনিয়নে পণ্য এনে অসহায় মানুষের মাঝে স্বল্পমূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে এলাকার নিম্নআয়ের মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


0 Comments