পাইকগাছা প্রতিনিধি : - পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহীতে বসবাসরত পাইকগাছা উপজেলার বাসিন্দা ও শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহীস্থ পাইকগাছা উপজেলা সমিতি, খুলনা, রাজশাহী’। গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এবারের বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য ছিল, ‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক ড. এস এম সাহিনুল ইসলাম। এ সময় সমিতির দুই সহসভাপতি ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. দিল আফরোজা খানম এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক জি এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সমিতির উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের প্রভাষক তানভীর হোসাইন, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাস এবং শহীদ স্মৃতি সংগ্রহশালার কিউরেটর ড. মোসাম্মৎ হাবিবা হায়দার কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সমিতির সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অন্যান্য অতিথি।
বৃক্ষরোপণ শেষে শহীদ স্মৃতি সংগ্রহশালার কিউরেটর ড. মোসাম্মৎ হাবিবা হায়দার সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
২০০৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহীস্থ পাইকগাছা উপজেলা সমিতি একটি অরাজনৈতিক, অলাভজনক ও সহযোগিতামূলক সংগঠন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত পাইকগাছার শিক্ষার্থীরা এ সংগঠনের সদস্য। পাশাপাশি ব্যবসা ও চাকরির সূত্রে রাজশাহীতে বসবাসরত পাইকগাছার বাসিন্দারাও সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন।
সংগঠনটির বর্তমান সদস্য শিক্ষার্থীর সংখ্যা ৭০-এর বেশি। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ পরিচালনা করে আসছে সমিতিটি।


0 Comments