পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় খুলনা জেলা পরিষদ থেকে বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন মসজিদ, মন্দির ও কমিউনিটি সেন্টারের প্রতিনিধিদের মাঝে উন্নয়ন বরাদ্দসংক্রান্ত চিঠি বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
সভায় বক্তারা বলেন, এডিপির আওতায় বরাদ্দ করা অর্থ নির্ধারিত উন্নয়নমূলক কাজে যথাযথভাবে ব্যবহার করতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক এবং ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উৎপল কুমার বাইন।
এ সময় বক্তব্য দেন শেখ আনারুল ইসলাম, অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার ও তুষার কান্তি মন্ডল।
আলোচনা সভা শেষে খুলনা জেলা পরিষদের এডিপির আওতায় বরাদ্দ পাওয়া বিভিন্ন মসজিদ, মন্দির ও কমিউনিটি সেন্টারের প্রতিনিধিদের হাতে উন্নয়ন বরাদ্দের অর্থ সংক্রান্ত চিঠি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


0 Comments