শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

নেশার টাকা না পেয়ে বাবার মাথায় ইটের আঘাত, ছেলে আটক

পাইকগাছা প্রতিনিধি : -  খুলনার পাইকগাছায় নেশার টাকা না দেওয়ায় জন্মদাতা বাবার মাথায় ইট দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এতে শহীদ গাইন (৫৫) নামের ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


শনিবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শহীদ গাইন তাঁর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁর ছেলে আমিন গাইনকে (২৩) আটক করে।


স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমিন গাইন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার জন্য তিনি প্রায়ই মা-বাবার কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে না চাইলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনা ঘটত বলে অভিযোগ পরিবারের।


শনিবার সকালে নেশার টাকা চাওয়া নিয়ে বাবার সঙ্গে আমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন ইট দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করেন। এতে শহীদ গাইনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


শহীদ গাইনের পরিবারের অভিযোগ, নেশার টাকা না দিলে আমিন মা-বাবাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান ও নির্যাতন করেন। এমনকি একপর্যায়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। ছেলের এমন আচরণে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন তাঁর মা-বাবা।


পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর শনিবার দুপুরে এসআই পিংকু ও একরামুল হক অভিযান চালান। এ সময় বাড়ি থেকে আমিন গাইনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, মা-বাবার অভিযোগের পর অভিযান চালিয়ে মাদকসহ ওই যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত আমিন গাইন পুলিশ হেফাজতে ছিলেন এবং তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছিল।

Post a Comment

0 Comments