পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর জামায়াতের সভাপতি মিজানুর রহমান এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ।
এ সময় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব হিমাদ্রি শেখর দে, পৌর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবুরাম মণ্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ মণ্ডল এবং জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদারসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে সবাই নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে উৎসবের পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


0 Comments