পাইকগাছা প্রতিনিধি: - গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয় রোপণ করা গাছ বাঁচিয়ে রাখার দায়িত্বও এবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে। ইউনিয়নের বিভিন্ন সড়ক, মসজিদ-মন্দির, কমিউনিটি ক্লিনিক ও পরিষদ প্রাঙ্গণ মিলিয়ে মোট ১ হাজার ২০০ গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে লতা ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এসব চারা রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় চারটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা দেওয়া হয়। গাছের সুরক্ষায় প্রতিটি চারার সঙ্গে নেটের বেড়াও দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিজেদের স্কুল প্রাঙ্গণ ও রাস্তার পাশে চারা রোপণ করে নিয়মিত পরিচর্যার দায়িত্ব নিতে বলা হয়।
চারা বিতরণের সময় শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, গাছের পরিচর্যার বিষয়টি তারা যেন একটি অ্যাসাইনমেন্টের মতো গুরুত্ব দিয়ে পালন করে। শুধু চারা রোপণ নয়, গাছটি বাঁচিয়ে রাখাই হবে তাদের দায়িত্ব।
লতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী শিক্ষকদের অনুরোধ করেন, শিক্ষার্থীদের বৃক্ষ পরিচর্যায় উৎসাহিত করতে। গাছ বাঁচিয়ে রাখার বিষয়টি কৃষিশিক্ষার ব্যবহারিক পরীক্ষার মূল্যায়নে বিবেচনার জন্যও তিনি শিক্ষকদের অনুরোধ জানান।
এ ছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হয়। তাঁরা নিজ নিজ এলাকায় মসজিদ-মন্দির ও সড়কের পাশে এসব চারা রোপণ করবেন। ইউনিয়ন পরিষদের পেছনের অংশেও নেটের বেড়া দিয়ে গাছ লাগানো হয়েছে। পাশাপাশি পরিষদ প্রাঙ্গণ, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির সময় শিক্ষার্থীদের নিম, কদবেল, আমলকি, তেতুল, অর্জুন, সিরিশসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরন করা হয়। গাছের পরিচর্যা ও সংরক্ষণ সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও লতা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফজলে রাব্বী, ইউনিয়ন পরিষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


0 Comments