পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ২৫ বছরের দখলে থাকা জমিতে ঘেরা-বেড়া দিয়ে দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘেরা-বেড়া ও ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেয়।
অভিযোগকারী সিরাজুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুর গ্রামের মৃত মতলেব সরদারের ছেলে মঞ্জুরুল সরদার পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া ২৫ শতক জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সেখানে তাঁর ভাই সিরাজুল ইসলামও বসবাস করেন। এসএ ২৭ খতিয়ান, যা পরবর্তী সময়ে বিএস ৮৭ খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে। ওই খতিয়ানের ২০, ৪০, ৪৮, ১১৩, ১১৫, ১১৬, ১২২, ১২৩ ও ১২৭ নম্বর দাগে মোট ২ দশমিক ৫৬ একর জমি রয়েছে। তার মধ্যে ২৫ শতাংশ জমি নিজেদের।
সিরাজুল ইসলামের দাবি, একই গ্রামের সাহেব আলী সরদারের ছেলে মঞ্জুরুল সরদার ও তাঁর ভাগনে আবু হানিফ বেশ কিছুদিন ধরে তাঁদের জমি দখলের হুমকি দিয়ে আসছিলেন। এ অবস্থায় জমি দখলের আশঙ্কায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুই ব্যক্তিকে বিবাদী করে মামলা করেন। মামলাটির নম্বর ১৯২/২৬।
সিরাজুল ইসলাম বলেন, মামলার পর আদালত সংশ্লিষ্ট জমিতে দখলের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। তবে মামলার খবর জানার পর শনিবার ভোরে প্রতিপক্ষের লোকজন নিয়ে এসে ওই জমির ৬ শতক নিজেদের দাবি করে ঘেরা-বেড়া দেওয়ার কাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা কাজ বন্ধ করে দেয়। তবে পুলিশ যাওয়ার আগেই ঘেরা-বেড়ার কাজ শেষ করা হয় বলে অভিযোগ তাঁর।
এ বিষয়ে জানতে চাইলে পাইকগাছা থানার এএসআই রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের ঘেরা-বেড়া ও ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছি। আদালতের আদেশ মেনে চলার জন্য তাঁদের বলা হয়েছে।
জমির মালিকানা বিষয়ে মঞ্জুরুল সরদার বলেন, আমার জমির দলিল ও রেকর্ড আছে এজন্য আজ দখল করেছি।


0 Comments