পাইকগাছা প্রতিনিধি:- খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত সংকট এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষকরা আলোচনা করেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কে এম আশরাফুল আলম নান্নু,পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এস এম এনামুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, আবুল হোসেন ও সাজ্জাত আহম্মেদ মানিক।
মো. আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মো. মুজিবর রহমান, মো. আজিজুর রহমান, শফিয়ার রহমানসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় সোলাদানা ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি ছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


0 Comments