পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ২৪ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। উপজেলার ০৩ নম্বর পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৯ জন ট্যালেন্টপুল ও ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, সচিন্দ্র নাথ বিশ্বাস ও খালিদ হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, সাবেক কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, এসএমসি সদস্য পম্পা মন্ডল, শিক্ষক আল-আমীন ও রহমত আলী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান লিটু, শিক্ষক রঞ্জুমানারা, গিতা রানী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নারগিস পারভিন, রত্নেশ্বর সরকার, সুস্মিতা রায়, আজমেরী সুলতানা, শামিমা নাসরিন সিমা, শাহানা ইয়াসমিন ও ঝর্ণা খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তাঁরা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য বিদ্যালয়ের জন্য গৌরবের। এই অর্জন তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও মেধার বিকাশের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে হিরন্ময় সরকার, আহমাদ আব্দুর রহমান বিন ওহাব ও হৃদয় মন্ডল বক্তব্য দেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ০৩ নম্বর পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৯ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। পাইকগাছা উপজেলায় মোট ৫৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এর মধ্যে শুধু ০৩ নম্বর পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।


0 Comments