পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় পারিবারিক অশান্তি ও আর্থিক সংকটের কারণে সেলিম জাহাঙ্গীর (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (৩০ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের চর মসজিদ মহল্লায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সেলিম জাহাঙ্গীর ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে বাড়ির শয়নকক্ষে সেলিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করা হলেও তিনি মারা যান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, সেলিমের পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিল। সংসারে অভাব-অনটন নিয়ে প্রায়ই পারিবারিক অশান্তি ও কলহ হতো। এসব কারণে তিনি মানসিকভাবে চাপে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও আর্থিক সংকটের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


0 Comments