সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকূলীয় এলাকার নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে ‘ড্রায়িং স্লিভ’। পুনর্ব্যবহারযোগ্য মাসিকের কাপড় দ্রুত ও নিরাপদে শুকানোর পাশাপাশি সামাজিক সংকোচ ও কুসংস্কার দূর করতে সহায়তা করবে এই উদ্ভাবনী পদ্ধতি।
আশাশুনিতে লবণাক্ততা, সুপেয় পানির সংকট ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক নারী ও কিশোরী নিয়মিত স্যানিটারি প্যাড কিনতে পারেন না। ফলে অনেকে পুরোনো কাপড় পুনর্ব্যবহার করেন। কিন্তু সামাজিক লজ্জা ও কুসংস্কারের কারণে মাসিকের কাপড় খোলা জায়গায় রোদে না শুকিয়ে ঘরের অন্ধকার, স্যাঁতসেঁতে স্থানে শুকানো হয়। এতে কাপড় পুরোপুরি শুকায় না এবং জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে।
এই সমস্যার সমাধানে তৈরি করা হয়েছে ‘ড্রায়িং স্লিভ’। এটি কালো বা গাঢ় রঙের সুতি কাপড়ের তৈরি টি-শার্টের মতো একটি আবরণ। হ্যাঙ্গারে মাসিকের কাপড় ঝুলিয়ে তার ওপর ড্রায়িং স্লিভ পরিয়ে রোদে শুকানো যায়। গাঢ় রঙের কাপড় সূর্যের তাপ শোষণ করায় ভেতরের কাপড় দ্রুত শুকাতে সহায়তা করে। একই সঙ্গে কাপড় বাইরে থেকে দেখা না যাওয়ায় নারী ও কিশোরীদের ব্যক্তিগত মর্যাদাও রক্ষা হয়।
ড্রায়িং স্লিভের ধারণাটি সুইজারল্যান্ডের লুজান বিশ্ববিদ্যালয়ের প্রালং উদ্যোগ, ইনফান্টস ডু মন্ডে (ইডিএম) এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সমন্বিত উদ্যোগ। উদ্ভাবনী এই ধারণাটি প্রালং পুরস্কারও অর্জন করেছে।
এই উদ্যোগ সম্পর্কে কমিউনিটিতে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘ড্রায়িং স্লিভ ব্যবহার করে মাসিকের সময় নিরাপদ থাকুন’ শীর্ষক সেশন পরিচালনার জন্য স্বাস্থ্যকর্মীদের ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে। সুইস উন্নয়ন সহযোগিতা সংস্থার (এসডিসি) এর সহায়তায় ইএসডিও ও ইডিএম বাস্তবায়িত রিচ প্রকল্পের উদ্যোগে ১৯ ও ২০ আগস্ট আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দুই ব্যাচে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প এলাকার প্রায় ৪৬ জন স্বাস্থ্যকর্মী অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার। প্রশিক্ষক হিসেবে ছিলেন ইডিএম বাংলাদেশের রিজিওনাল কো-অর্ডিনেটর শামীমা আক্তার শীমুল এবং সহপ্রশিক্ষক ছিলেন রিচ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুকুল হক মাসুক। সমাপনী পর্বে যুক্ত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম।
ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন, “ড্রায়িং স্লিভ শুধু কাপড় শুকানোর উপকরণ নয়; এটি স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও নারীর মর্যাদাকে একসঙ্গে বিবেচনা করে তৈরি একটি সহজ সমাধান। উপকূলীয় এলাকার নারী ও কিশোরীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ মাসিক ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে নারী, শিশু ও কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় রিচ প্রকল্পের কার্যক্রম সময়োপযোগী। ড্রায়িং স্লিভের মতো স্থানীয় বাস্তবতাভিত্তিক উদ্যোগ এ কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করবে।”
ওরিয়েন্টেশন শেষে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা উঠান বৈঠকসহ বিভিন্ন কমিউনিটি সেশনের মাধ্যমে নারী ও কিশোরীদের ড্রায়িং স্লিভ ব্যবহার, মাসিকের কাপড় পরিষ্কার ও শুকানোর সঠিক পদ্ধতি এবং মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করবেন।




0 Comments