পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাংগঠনিক কার্যক্রম পুনরায় গতিশীল করার লক্ষ্যে গোপনে বৈঠক করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বয়ারঝাপা এলাকার মনি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (৩৫) এবং একই এলাকার শহিদুল খাঁর ছেলে হাদী খাঁ (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় কয়েকজন ব্যক্তি গোপনে একত্রিত হয়ে বৈঠক করছিলেন। বৈঠকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগের সাংগঠনিক কার্যক্রম পুনরায় সক্রিয় ও গতিশীল করার বিষয়ে আলোচনা হচ্ছিল বলে পুলিশের দাবি।
বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পাইকগাছা থানা পুলিশ। পরে রাত আনুমানিক ৯টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা কয়েকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে সাগর বিশ্বাস ও হাদী খাঁকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির বলেন, যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি গোপনে বৈঠক করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে। ওই তথ্যের ভিত্তিতে বয়ারঝাপা এলাকায় অভিযান চালানো হয়।
তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, বৈঠকে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। পুলিশের অভিযান শুরু হওয়ার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের পরিচয় ও অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম যাতে পরিচালিত না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি অব্যাহত রেখেছে।


0 Comments