শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় ছয় বছর ধরে বারান্দায় শয্যাশায়ী লতিফ, অর্থাভাবে মিলছে না চিকিৎসাসেবা

পাইকগাছা প্রতিনিধি : - জীবন যেন থমকে গেছে লতিফ সরদারের। ছয় বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বাড়ির বারান্দায় শয্যাশায়ী তিনি। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে দিন দিন অবনতির দিকে যাচ্ছে শারীরিক অবস্থা। অর্থের অভাবে চিকিৎসা তো দূরের কথা, দুবেলা খাবার জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।


খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী চরভরাটী এলাকার বাসিন্দা লতিফ সরদার। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৬৪ বছর হলেও স্থানীয়দের দাবি, প্রকৃত বয়স আরও বেশি। তিনি মৃত রজত সরদারের ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দেড় শতকেরও কম জমির ওপর দাঁড়িয়ে আছে একটি জরাজীর্ণ ভাঙাচোরা মাটির ঘর। যার পিছনের দেয়াল ধসে পড়েছে।  ভাঙ্গা ঘরের সামনের বারান্দায় দিনের পর দিন শুয়ে আছেন লতিফ সরদার। নিজের শরীর নড়ানোরও শক্তি নেই। প্রয়োজনীয় সব কাজেই তাকে অন্যের সাহায্যের ওপর নির্ভর করতে হয়। তবে কষ্টের মাঝেও স্বাভাবিকভাবে কথা বলতে পারেন তিনি।
পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তার শরীরে বিভিন্ন ধরনের গুটি দেখা দেয়। পরে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হন। এরপর থেকেই কার্যত শয্যাশায়ী। টাকার অভাবে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া সম্ভব হয়নি। ফলে ছয় বছর ধরে চিকিৎসাবঞ্চিত অবস্থায় মানবেতর জীবন কাটছে তার।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্ত্রী ফজিলা বেগম। স্বামীর সেবাযত্ন করার পাশাপাশি অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে যে সামান্য আয় করেন, তা দিয়েই কোনোমতে দুজনের সংসার চলে। অনেক সময় খাবার জোটে, আবার অনেক সময় অনাহার কিংবা অর্ধাহারেই কাটে দিন।
চোখের পানি মুছতে মুছতে ফজিলা বেগম বলেন, “স্বামীকে চিকিৎসা করাতে চাই, কিন্তু সামর্থ্য নেই। সরকারি সহায়তা পাওয়ার আশায় অনেকের কাছে গেছি। কিন্তু টাকার কথা শুনে ফিরে এসেছি। গরিব মানুষের কপালে যেন কোনো সাহায্যই নেই।

লতিফ সরদারের নিকটাত্মীয় ও পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব বলেন, “সাধ্যমতো ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সহায়তা দিয়ে আসছি। কিন্তু তার দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগ এবং সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা প্রয়োজন।

সংশ্লিষ্ট ইউপি সদস্য আনিছুর রহমান জানান, লতিফ সরদারকে চিনতে পারছিনা। খোঁজ নিয়ে দেখে পরে জানাবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “বিষয়টি আমার জানা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কী ধরনের সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অসহায় লতিফ সরদারের পরিবার এখন সরকারি সহায়তা এবং সমাজের সহৃদয় মানুষের সহযোগিতার অপেক্ষায়। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা মিললে হয়তো কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে তার জীবনে।

প্রেরক
মোঃ আসাদুল ইসলাম।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
০১৯১৭-৮২৮২৮০

Post a Comment

0 Comments