পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় স্বামীর বাজার থেকে ছোট মাছ কিনে আনা নিয়ে কথা-কাটাকাটির পর রহিমা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় বাড়ির পাশের একটি বটগাছের ডালে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
নিহত রহিমা বেগম উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের বাসিন্দা গোলাম রসুলের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাজার থেকে ছোট মাছ কিনে বাড়ি ফেরেন গোলাম রসুল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে বাড়ির পাশের প্রতিবেশী খালেক গাজীর বাড়ির কাছে একটি বটগাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন রহিমা।
বিষয়টি দেখে তাঁর শাশুড়ি রাবেয়া বেগম চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে রহিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কৃপাসিন্ধু ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


0 Comments