পাইকগাছা প্রতিনিধি : - আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নিজ গ্রাম লস্করের ১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল কাদির।
রোববার বিকেলে লস্কর মধ্যপাড়া যুব সংঘ চত্বরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানান।
মতবিনিময় সভায় স্থানীয় নারী-পুরুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। সভায় আনোয়ারুল কাদিরের চেয়ারম্যান পদে প্রার্থিতাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা তাঁদের মতামত তুলে ধরেন। এ সময় তাঁর সমর্থনে বক্তব্য দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অবসরপ্রাপ্ত তহশীলদার আব্দুর রউফ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ড. মাহাবুবুর রহমান। বিপুল সরকারের সঞ্চালনায় সভায় স্থানীয় বাসিন্দারা আগামী ইউপি নির্বাচন এবং চেয়ারম্যান পদে আনোয়ারুল কাদিরের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ব্যাংকার পরিতোষ কুমার ঢালী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, আকিজ উদ্দীন গোলদার, দলিল লেখক বিমল সরদার, শিক্ষক ও সাংবাদিক আব্দুল গফুর, বিরিঞ্চি মন্ডল, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ভূধর চন্দ মন্ডল, তাপস কুমার সানা, মোস্তাকিন গাজী, ভবেন্দ্র নাথ সানা, পল্লী চিকিৎসক নারায়ণ মন্ডল, মিজবর রহমান, কবির গোলদার, আলতাফ হোসেন, খানজাহান গোলদার, বিনয় সানা, স্বপন কুমার সানা, দীপঙ্কর মন্ডল, অরবিন্দু সানা, গাজী মিজানুর রহমান মিজান, মনোজ মন্ডল, সোনাভান বিবি ও শহীদ গাজী।
বক্তারা আনোয়ারুল কাদিরের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে চেয়ারম্যান পদে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে নিজেদের মতামত জানান। তাঁরা বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও তাঁদের বিভিন্ন সমস্যা সম্পর্কে ধারণা থাকা গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় আনোয়ারুল কাদির বলেন, তিনি এলাকার মানুষের সঙ্গে আলোচনা করেই আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চান।
নিজ গ্রাম লস্করের ১ নম্বর ওয়ার্ড থেকে প্রচারণা শুরুর মধ্য দিয়ে আনোয়ারুল কাদিরের সম্ভাব্য প্রার্থিতার বিষয়টি স্থানীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে সামনে এলো। পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের মানুষের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।


0 Comments