পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় সৌমেন্দ্রনাথ মন্ডল (৩৫) নামের এক বাইক রাইডার আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৬ জুলাই প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁর বাবা ধীরাজমোহন মন্ডল পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
পরিবার ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, সৌমেন্দ্রনাথ মন্ডল উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের ধীরাজমোহন মন্ডল ও লিপিকা মন্ডল দম্পতির ছেলে। তিনি রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।
গত ২৬ জুলাই সকাল ১০টার দিকে সৌমেন্দ্রনাথ প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওই দিন বিকেল আনুমানিক ৩টার দিকে আমুরকাটা বাজারে তাঁর সঙ্গে বাবা ধীরাজমোহন মন্ডলের দেখা হয়। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।
পরিবারের সদস্যরা জানান, রাতে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় রাত ৮টার দিকে সৌমেন্দ্রনাথের মুঠোফোনে কল করা হয়। ফোনটি দুইবার রিসিভ না করে কেটে দেওয়ার পর সেটি বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি।
পরদিন ২৭ জুলাই সৌমেন্দ্রনাথের বাবা ধীরাজমোহন মন্ডল পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করেন। তবে নিখোঁজের আট দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।
সৌমেন্দ্রনাথের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাঁকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।
পাইকগাছা থানার ওসি অপারেশন জুলফিকার আলি জানান, নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান চলছে। এখনো তার খোঁজ পাওয়া যায়নি।


0 Comments