শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কৃত ৩ মৎস্য উদ্যোক্তা

পাইকগাছা প্রতিনিধি: - ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।


পাইকগাছা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির আয়োজনে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়বে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য চাষ ও পোনা ব্যবসায় বিশেষ অবদানের জন্য সফল উদ্যোক্তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক ও কিশোর কুমারকে পুরস্কার ও সনদ দেওয়া হয়। এছাড়া পোনা ব্যবসায় বিশেষ অবদানের জন্য মো. রেজাউল করিমকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।


পুরস্কারপ্রাপ্তরা ভবিষ্যতে মৎস্য খাতের উন্নয়ন ও আধুনিক চাষাবাদে আরও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় মৎস্যচাষি, পোনা ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


Post a Comment

0 Comments