শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

জোয়ারের পানিতে লতা বাজারের সড়ক রক্ষায় স্থানীয়দের সাথে ইমরান সরদার

পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছা উপজেলার গুনোখালী নদীতে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় লতা বাজার এলাকার সড়ক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের সঙ্গে নিয়ে সড়কের ঝুঁকিপূর্ণ তিনটি স্থানে বাঁধ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


শনিবার জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় গুনোখালী নদীর পানি লতা বাজারের সড়কের ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। এতে সড়কের মাটি নরম হয়ে বিভিন্ন অংশে ক্ষয়ের আশঙ্কা তৈরি হয়। পানি অব্যাহতভাবে সড়কের ওপর দিয়ে প্রবাহিত হলে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


এ অবস্থায় স্থানীয়দের নিয়ে সড়ক রক্ষায় এগিয়ে আসেন লতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সদস্যসচিব ইমরান সরদার। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মাটি ও কাদামাটি দিয়ে বাঁধ দেওয়ার কাজে অংশ নেন। এতে সড়কের ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহের তীব্রতা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করা হয়।


সরেজমিনে দেখা যায়, গুনোখালী নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় লতা বাজারসংলগ্ন সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সড়কের পাশে ও নিচের অংশে পানি জমে মাটি নরম হয়ে গেছে। স্থানীয় কয়েকজনকে কাদামাটির মধ্যে নেমে সড়কের ঝুঁকিপূর্ণ অংশে মাটি ফেলে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে দেখা যায়। স্থানীয়দের সঙ্গে ইমরান সরদারকে কাদামাটি সরিয়ে সড়ক রক্ষার কাজে অংশ নিতে দেখা গেছে।


স্থানীয় বাসিন্দারা বলেন, জোয়ারের পানি প্রতিদিনই বাড়ছে। পানি যদি দীর্ঘ সময় সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে সড়কের মাটি সরে গিয়ে ভাঙন দেখা দিতে পারে। এতে বাজার ও আশপাশের এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ তৈরি হওয়ার পাশাপাশি যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য স্বপন মন্ডল, শিক্ষক তাপস মন্ডল, অরন্য রায়,উজ্জল রায়,সুজন মন্ডল, লাবন্য রায়,শান্ত রায়,প্রতিভা মন্ডল, সন্ধ্যা মন্ডল, সৌরভ সহ আরো অনেকে

তাঁরা দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো পরিদর্শন করে স্থায়ীভাবে পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নদীর জোয়ারের পানি যাতে সড়কের ওপর দিয়ে প্রবাহিত হতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রয়োজন বলেও জানান তাঁরা।


স্থানীয়দের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে বাঁধ দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও এটিকে স্থায়ী সমাধান হিসেবে দেখছেন না এলাকাবাসী। তাঁদের মতে, বর্ষা ও জোয়ারের মৌসুমে এ ধরনের পরিস্থিতি বারবার দেখা দিতে পারে। তাই সড়ক রক্ষায় টেকসই ব্যবস্থা নেওয়া জরুরি।


জোয়ারের পানি বৃদ্ধি অব্যাহত থাকলে লতা বাজারের সড়কের ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সড়কটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে বলে তাঁদের প্রত্যাশা।

Post a Comment

0 Comments