আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:-
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেউলা গ্রামের পশ্চিম বিলের খাল থেকে মো. আব্দুর রহিম মালি (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকাল ৭টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত. আব্দুর রহিম মালি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শেতপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিন মালির ছেলে।
স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল মামুন জানান, অনেকদিন আগে থেকে আব্দুর রহিম মালি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার ভোর রাতে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বাইরে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। সকালে বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের পশ্চিম বিলের খালে আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তবে তার চোখে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বলেন, এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি আব্দুর রহিম মালি প্রায় ১৫ থেকে ২০ বছরের মত সময় ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। অসাবধানতাবশত : খালের পানিতে পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি। খালের পানিতে পড়ে থাকার কারণে কাঁকড়া বা অন্য জল প্রাণী আঘাতে তার চোখেও মুখে সামান্য খাতের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।


0 Comments