পাইকগাছা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে খুলনার পাইকগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নিয়ে সরকার ও বিশ্বনেতাদের প্রতি উপকূলীয় মানুষের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম। ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে জলবায়ু ন্যায়বিচারসংক্রান্ত বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও খালি কলস দেখা যায়। তাঁদের স্লোগানে উঠে আসে উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার দাবি।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনগোষ্ঠী নানা ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে। অথচ এই সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি। জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার ও বিশ্বনেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‘একটাই পৃথিবী, একটাই প্রাণ জলবায়ু ন্যায্যতায় গাই জয়গান’, ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতায় হোক সমাধান’, ‘কার্বন দূষণ রোধ করি, জলবায়ু ন্যায্যতা হোক সর্বোপরি’, ‘ক্ষতিপূরণ নয় শুধু দয়া দান, জলবায়ু ন্যায্যতায় আমাদের সম্মান’ এবং ‘সবুজ পৃথিবী সবার অধিকার, মানবো না আর জলবায়ু অবিচার’ এমন নানা স্লোগান দেন তাঁরা।
উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সাংবাদিক মো. আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আবুল হাশেম, গাজী শহিদুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু হুরায়রা বাদশা, এম এম আব্দুস সামাদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মণ্ডল, খোরশেদ আলম।
এ ছাড়া লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন বক্তব্য দেন।


0 Comments