পাইকগাছা প্রতিনিধি: - অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে খুলনার পাইকগাছার স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল স্বেচ্ছায় সেবাদান সংঘ। এরই ধারাবাহিকতায় এবার একটি অসহায় পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ষষ্ঠ শ্রেণির এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে পরীক্ষার ফি বাবদ আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় পৌরসভা এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির।
অনুষ্ঠানে একটি অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেল, হলুদ, চিনি ও আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পরীক্ষার ফি পরিশোধের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
সংগঠনের সেক্রেটারি মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, মো. নুরুল আমিন পলাশ ও মো. শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহম্মেদ, ক্যাশিয়ার মো. আজাদ, সমাজকল্যাণ সম্পাদক আওছাফুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, ত্রাণবিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, দপ্তর সম্পাদক মো. জিনারুল ইসলাম এবং নির্বাহী সদস্য মো. মুজিবুর রহমান ও মো. সাইফুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল স্বেচ্ছায় সেবাদান সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।


0 Comments