পাইকগাছা প্রতিনিধি: - মোবাইল ফোন হ্যাক করে ব্যাংক হিসাব থেকে হাতিয়ে নেওয়া ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে খুলনার পাইকগাছা থানা পুলিশ। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে পুরো টাকা ফিরে পেয়েছেন ভুক্তভোগী মাহাবুর রহমান।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাহাবুর রহমান রাজশাহীর মতিহার থানার বাসিন্দা। তিনি গত চার বছর ধরে পাইকগাছায় ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত রয়েছেন।
গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে হঠাৎ একটি আপডেটের বার্তা আসে। বিষয়টি না বুঝে তিনি আপডেট সম্পন্ন করেন। প্রায় ৪৫ মিনিট পর ফোনটি সচল হলে সোনালী ব্যাংক থেকে তাঁর কাছে পরপর দুটি লেনদেনের বার্তা আসে। পরে ব্যাংক হিসাব যাচাই করে দেখেন, সেখান থেকে ৬ লাখ ২০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগীর ব্যাংক হিসাবটি রাজশাহীর মোহনপুরে সোনালী ব্যাংকের মৌগাছী শাখায়। তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে হিসাবটি পরিচালনা করতেন। ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনে অননুমোদিত প্রবেশের মাধ্যমে প্রতারক চক্রটি তাঁর ব্যাংক হিসাবের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশের সহযোগিতা চান মাহাবুর রহমান। অভিযোগ পাওয়ার পর পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের দিকনির্দেশনায় এসআই একরামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কাজ শুরু করে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় প্রতারক চক্রটি ওই টাকা উত্তোলন করতে পারেনি।
পরে কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে ভুক্তভোগীর নিজ ব্যাংক হিসাবেই পুরো ৬ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়। হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মাহাবুর রহমান।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাইকগাছা থানা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাইবার অপরাধসহ যেকোনো অপরাধ ও সমস্যায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।


0 Comments