পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে থানা-পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল পরিকল্পনাকারীসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে যশোরের নওয়াপাড়া থেকে তাঁদের উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পাইকগাছা পৌর সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে কৌশলে দুই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অপহৃত ব্যক্তিরা হলেন উপজেলার গোপালপুর গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে মো. সেকেন্দার আলী এবং তাঁর সহকর্মী মো. রাজ্জাক আলী।
অপহরণকারীরা তাঁদের যশোরের নওয়াপাড়ায় নিয়ে আটকে রাখে। সেখানে তাঁদের মারধর করা হয় এবং পরিবারের কাছে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে অপহরণকারীদের সঙ্গে আলোচনার পর ২০ লাখ টাকা দিতে রাজি হন ভুক্তভোগীরা। এরপর অপহরণকারীরা সেকেন্দার আলীকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকা আনতে বলেন।
এদিকে, স্বামীর অপহরণের বিষয়টি জানতে পেরে সেকেন্দার আলীর স্ত্রী নাজমা বেগম পাইকগাছা থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবিরের দিকনির্দেশনায় অভিযান শুরু করে পুলিশ।
অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার রাতে যশোরের নওয়াপাড়া থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। একই রাতে খুলনার সোনাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণের মূল পরিকল্পনাকারী রিপন খান ও তাঁর সহযোগী শরীফ শেখকে আটক করা হয়।
আটক রিপন খান অভয়নগর থানার ইয়াহিয়া খানের ছেলে এবং শরীফ শেখ একই এলাকার মোন্তাজ শেখের ছেলে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


0 Comments