শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

টেকসই উন্নয়নে পাইকগাছার সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের দাবি

পাইকগাছা প্রতিনিধি : - লবণাক্ততা, সুপেয় পানির সংকট, দুর্বল বেড়িবাঁধ, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ বছরের পর বছর এসব সংকট মোকাবিলা করে আসছেন উপকূলীয় খুলনার পাইকগাছার মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও এলাকার টেকসই উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও নাগরিক প্রতিনিধিরা।


তাঁদের দাবি, শুধু দুর্যোগের পর ত্রাণ ও ক্ষতিপূরণ নয়, স্থায়ী সমাধানে এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদ-নদী ও খাল পুনঃখনন, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা এবং পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণে সরকারি বিনিয়োগ বাড়াতে হবে।


শনিবার (২৬ সেপ্টেম্বর) পাইকগাছা অফিসার্স ক্লাবে ‘পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান লিডার্সের আয়োজনে এবং ইনকোটার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন লিডার্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।


সভায় বক্তারা বলেন, পাইকগাছায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পাশাপাশি লবণাক্ততার বিস্তার কৃষি, মৎস্য, পরিবেশ ও জনস্বাস্থ্যে চাপ তৈরি করছে। অনেক এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে দুর্যোগের সময় মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।


বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় এলাকার জন্য আলাদা গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা করা দরকার। নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। কোথাও কোথাও বেড়িবাঁধ দুর্বল থাকায় জোয়ারের পানি প্রবেশের ঝুঁকি তৈরি হচ্ছে। এসব সমস্যা সমাধানে প্রকল্পভিত্তিক বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।


মতবিনিময় সভায় স্থানীয় সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, পাইকগাছার মানুষের জীবন-জীবিকা ও কৃষি রক্ষায় সুপেয় পানি, নিরাপদ বেড়িবাঁধ, নদী-খাল পুনঃখনন এবং দুর্যোগ মোকাবিলার অবকাঠামোকে উন্নয়ন পরিকল্পনার অগ্রাধিকার তালিকায় আনতে হবে।


সভায় পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. সাঈদুর রহমান, সেক্রেটারি মাও. আলতাফ হোসেন,  উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সানা, সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযূষ কান্তি মণ্ডল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আছমা বেগম, দিলীপ মণ্ডল, আব্দুল্লাহ আল মামুন, শেখর চন্দ্র ঢালী ও টিএম হাসানুজ্জামান বক্তব্য দেন।


এ সময় লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা খাতুন, এসএম আফজাল হোসেন, এফএফ নাছরিন আক্তার, আলমগীর হোসেন, রাসেলসহ গণমাধ্যমকর্মী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।


সভায় পাইকগাছার সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে বক্তারা ঐকমত্য প্রকাশ করেন। একই সঙ্গে উপকূলীয় এ উপজেলার উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানান তাঁরা।

Post a Comment

0 Comments