নিজস্ব প্রতিনিধি: - দারিদ্র্য কখনো তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। জীবনের শুরু থেকেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে গেছে অদম্য কিশোরী নন্দিনী শীল। রাত জেগে পড়াশোনা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এবার এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে সে।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে নন্দিনী। ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে সে পেয়েছে ১ হাজার ১৩৫ নম্বর। তার এই ফলাফলে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা নন্দিনী ছোটবেলা থেকেই মেধাবী। পাঁচম শ্রেণিতে পড়ার সময় থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল প্রবল। সীমাহীন দারিদ্র্যের মধ্যেও সে নিজের স্বপ্নকে কখনো হারিয়ে যেতে দেয়নি।
নন্দিনীর বাবা নীলকোমল শীল পেশায় একজন স্বল্প আয়ের সেলুন ব্যবসায়ী। মা পার্বতী শীল গৃহিণী। দুই বোনের মধ্যে নন্দিনী বড়। সংসারে অভাব থাকলেও মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে বাবা-মা সর্বোচ্চ চেষ্টা করেছেন।
নন্দিনীর স্বপ্ন শুধু ভালো ফলাফল করা নয়, ভালো মানুষ হয়ে সমাজ, দেশ ও পরিবারের জন্য কাজ করা। ভবিষ্যতে ডাক্তার হয়ে অসহায় ও দরিদ্র মানুষের সেবা করতে চায় সে। এজন্য উচ্চশিক্ষার দীর্ঘ পথ পাড়ি দিতে প্রয়োজন পরিবারের সামর্থ্যের চেয়ে অনেক বেশি অর্থ।
নন্দিনীর বাবা নীলকোমল শীল বলেন, “অনেক কষ্ট করে মেয়েটির পড়ালেখার খরচ জুগিয়েছি। অনেক শিক্ষক তার পড়ালেখায় সহযোগিতা করতে আন্তরিক ছিলেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। তবে সামনে মেয়ের পড়াশোনার জন্য আরও অনেক খরচ হবে। আমাদের একার পক্ষে তা বহন করা কঠিন।”
তিনি বলেন, নন্দিনীর পড়াশোনা যাতে অর্থের অভাবে বন্ধ না হয়, সে জন্য সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন।
অদম্য নন্দিনী দেশবাসীর কাছে তার স্বপ্ন পূরণের জন্য দোয়া ও আশীর্বাদ চেয়েছে। তার পরিবারও নন্দিনীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছে।
সহযোগিতার জন্য বিকাশ: ০১৭১৪-৬৩৩৫৭২


0 Comments