পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছা উপজেলা তাঁতি দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মী ও আহ্বায়ক টি এম শিমুলকে তদন্ত ছাড়াই বহিষ্কারের ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। হঠাৎ এ সিদ্ধান্তে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে থেকে সংগঠনকে সক্রিয় রাখা, কর্মীদের ঐক্যবদ্ধ করা এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও টি এম শিমুলকে কোনো ধরনের তদন্ত, কারণ দর্শানোর নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তাদের দাবি, একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত সংগঠককে এভাবে হঠাৎ বহিষ্কার করায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এতে সংগঠনের স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।নেতাকর্মীরা বলেন, দুঃসময়ে টি এম শিমুল সবসময় দলের জন্য মাঠে ছিলেন এবং সাধারণ কর্মীদের সাহস জুগিয়েছেন। তার মতো একজন সক্রিয় নেতাকে তদন্ত ছাড়া বহিষ্কার করায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
এদিকে, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং সাংগঠনিকভাবে বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নেওয়া এমন সিদ্ধান্তে তৃণমূলের মধ্যে ভুল বার্তা যাচ্ছে।নেতাকর্মীরা আশা করছেন, দলীয় উচ্চপর্যায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত গ্রহণযোগ্য সমাধান দেবে এবং একজন পরীক্ষিত কর্মীর প্রতি সুবিচার নিশ্চিত করবে।


0 Comments