পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির আহ্বায়ক ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ, আইসিটি ভবন নির্মাণ, সীমানাপ্রাচীর স্থাপন এবং পুরোনো ভবন সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডহক কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, এস এম নাজির আহমেদ, আব্দুস সাত্তার, মাস্টার বাবর আলী, মোস্তফা মোড়ল, শেখ রুহুল কুদ্দুস, মেছের আলী সানা, ইমরান সরদার, আনোয়ারুল কাদীর, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, আমিনুর রহমান ও আবু মুছা সরদার।
প্রভাষক আব্দুল গফফার ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবু হুরায়রা বাদশা, মোল্লা ইউনুস আলী, আমিনুল ইসলাম বজলু, শহিদুল ইসলাম মোড়ল, ফয়সাল রাশেদ সনি ও মিঠু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও এডহক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান কলেজ কর্তৃপক্ষ। এ সময় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা কলেজটি জাতীয়করণের পাশাপাশি একটি আধুনিক আইসিটি ভবন নির্মাণ, সীমানাপ্রাচীর স্থাপন এবং পুরোনো ভবন সংস্কারের দাবি জানান। তাঁদের মতে, এসব উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।


0 Comments