শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি-- বাপ্পী

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এ অঞ্চলের কৃষি, মৎস্য ও সুন্দরবনকেন্দ্রিক অর্থনীতির বিপুল সম্ভাবনা থাকলেও পরিকল্পিত উন্নয়নের অভাবে সাধারণ মানুষের জীবনমানের প্রত্যাশিত পরিবর্তন ঘটেনি। তাই এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পাইকগাছা জিরো পয়েন্ট এলাকার একটি কার্যালয়ে খুলনা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির পাইকগাছা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, দক্ষ অভিভাবকত্বের অভাব এবং ফ্যাসিবাদী শাসনামলে লুটপাট ও নৈরাজ্যের কারণে পাইকগাছা ও কয়রা উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ এবং কৃষি ও মৎস্য খাতে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত। উন্নয়নের কথা বলে কিংবা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। এখন মানুষ প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান উন্নয়ন দেখতে চায়।


যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও যাত্রীসেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পাইকগাছাবাসীর দীর্ঘদিনের দাবি একটি সুশৃঙ্খল ও আধুনিক বাস টার্মিনাল। বর্তমানে নির্দিষ্ট টার্মিনাল না থাকায় অধিকাংশ বাস সড়কের ওপর রাখা হয়। এতে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি পথচারী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।


তিনি আরও বলেন, জমিসংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে আধুনিক বাস টার্মিনাল নির্মাণে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবা নিশ্চিত করতে মালিক ও শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


মতবিনিময় সভায় বাস মালিক সমিতির নেতারা বর্তমান টার্মিনাল সংকটের কারণে সৃষ্ট যানজট ও যাত্রীদের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তাঁরা দ্রুত একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। সভার শুরুতে সমিতির পক্ষ থেকে এস এম মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


বাস মালিক সমিতির পাইকগাছা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সহসভাপতি অমরেশ কুমার মন্ডল।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস ও মোস্তফা মোড়ল।


এ ছাড়া বাস মালিক সমিতির সুরঞ্জন চক্রবর্তী, ফজলুর রহমান, আনোয়ারুল ইসলাম ও কালীদাশ সাধু, শ্রমিক ইউনিয়ন শাখা কমিটির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বাবলু গাজী, রুট কমিটির সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক শুকুর আলী, চিফ স্টার্টার জালাল আহমেদ এবং স্টার্টার লাচ্ছু উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments